চাঁদপুর

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো সেলিম খান ও শান্ত খানের মরদেহ

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো সেলিম খান ও শান্ত খানের মরদেহ

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম ও মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ মিয়ার উপস্থিতিতে প্রথমে সেলিম খান এবং পরে তাঁর ছেলে শান্ত খানের মরদেহ কবর থেকে তোলা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পরই মরদেহ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার সময় গণপিটুনিতে সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান নিহত হন।

পরে এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন আদালত।

উত্তোলনের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:গণপিটুনি চাঁদপুর সদর মডেল থানা মরদেহ উত্তোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…