আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শিকে নিয়ে বৈঠকের প্রস্তাব পুতিনের

যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শিকে নিয়ে বৈঠকের প্রস্তাব পুতিনের

ছবি: সংগৃহীত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যৌথ বৈঠকের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রোববার (১৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকটি আয়োজনের প্রস্তাব দিয়েছে মস্কো। তবে এ বৈঠকের প্রস্তাব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকের আলোচ্যসূচি কী হবে কিংবা আদৌ বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সমঝোতা হয়নি বলে জানান তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপের সময় পুতিন এ বৈঠকের প্রস্তাব দেন। সংবাদমাধ্যমটি রাশিয়ার সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

ওই ফোনালাপে রুশ ডিজেল জ্বালানি কেনা এবং আন্তর্জাতিক বাজারে তা বিক্রির সুযোগ করে দেওয়ার বিষয়েও একটি সমঝোতা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে গত মাসে ট্রাম্প স্বাক্ষরিত একটি দ্বিদলীয় বিলের আওতায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়নও স্থগিত রেখেছে ওয়াশিংটন। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতাদের অনেকে, যাদের মধ্যে ট্রাম্পের নিজ দলের মিত্ররাও রয়েছেন।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, জ্বালানির দাম কমানোর কার্যকর বিকল্প খুব বেশি না থাকায় ট্রাম্প এ সিদ্ধান্তগুলো নিয়েছেন।

বিষয়:ট্রাম্প পুতিন শি জিনপিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…