বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন পর্দার সামনে
ফিফা বিশ্বকাপ-২০২৬: যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী রাতে fireworks display over stadium with flags of Mexico, Canada, and USA, celebrating the event. Channel i News – চ্যানেল আই নিউজ
আর মাত্র কয়েকঘণ্টা, রাতে মেক্সিকোয় পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মহাযজ্ঞের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে আসর। আয়োজক তিন দেশ কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোয় হবে নানা উদ্বোধনী আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমদিনের অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকছে ল্যাটিন পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের পরিবেশনা। তারা যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। বিশ্বকাপের উদ্বোধনীর ঐতিহাসিক সূচনা হচ্ছে মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। মেক্সিকোর সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো হয়েছে মঞ্চ ও পরিবেশনা।
মেক্সিকোর মঞ্চে আরও পারফর্ম করবেন জনপ্রিয় তারকা জে বালভিন এবং বিখ্যাত পপ ব্যান্ড মানা। মেক্সিকো ছাড়াও বাকি দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। আয়োজক তিন দেশের তিনটি উদ্বোধনী ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলো শুরু হবে।
শুক্রবার কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে চলা অনুষ্ঠানে মূলত কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরা হবে। জমকালো আয়োজনে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।
জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করবেন, মাইকেল বুলে সন্ধ্যার প্রাক-ম্যাচ বিনোদনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। নোরা ফাতেহি, আলানিস মরিসেট, আলেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স, ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় অনুষ্ঠানের লাইন-আপ সম্পূর্ণ করবেন।
১৩ জুন উদ্বোধনীর শেষ ও সবচেয়ে আকর্ষণীয় আসরটি বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, সোফাই স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে হলিউড ঘরানার আয়োজন। বিশ্ব কাঁপানো এই মঞ্চে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি, বিখ্যাত কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেগাস্টাররা। পুরো টুর্নামেন্টের উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।
বাংলাদেশ থেকে যেভাবে বিশ্বকাপ আয়োজনগুলো দেখা যাবে
বিশ্বকাপ সরাসরি দেখাবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। জনপ্রিয় ওটিটি মাধ্যমটি ছাড়াও খেলা দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির অ্যাপ ও গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে বিশ্বকাপ দেখা যাবে।





