তুলনামূলক সবচেয়ে আকর্ষণীয় হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র ভাগের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান, হয়েছেও তাই। কিন্তু সেই জমকালো আয়োজনের মাঠ ছিল অর্ধেকই ফাঁকা। যে কারণে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়া উদ্বোধনীর তৃতীয় আয়োজন নিয়ে ফিফাকে বেশ সমালোচনাও শুনতে হচ্ছে।
৩২ বছর পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়ে বেশ উদ্বেগ ও আলোচনায় ছিল আমেরিকানরা। খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। ধারণা করা হচ্ছে টিকিটের উচ্চমূল্যই দর্শকের না আসার অন্যতম একটি কারণ।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মার্কিনীরা শনিবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে নেমেছে। ম্যাচ মাঠে গড়ানোর দেড়ঘণ্টা আগে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচের আগে টেলিভিশন পর্দায় প্রায় ফাঁকা মাঠ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন আয়োজক দেশটির নাগরিকরা।
কিছু গণমাধ্যম ঘরে বসে দেখা দর্শকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা প্রতিক্রিয়াগুলো তুলে ধরেছে। এত স্বল্প দর্শকের বিষয়টি লক্ষ্য করে হতাশা প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকে মেক্সিকো এবং কানাডার উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে তুলনা করেছেন। মেক্সিকো এবং আমেরিকার অনুষ্ঠানের মধ্যে পার্থক্য নিয়ে বেশ সমালোচনা করেছেন। তাদের মতে মেক্সিকোরটি ছিল কানায় কানায় ভরা গ্যালারি, কোলাহল, আবেগ, এবং এমন এক পরিবেশ যা বিশ্বকাপের মতো মনে হচ্ছিল। অন্যটিতে চোখে পড়ার মতো খালি আসন যা মোটেও ভালো দেখাচ্ছে না আমেরিকানদের।
সবকিছুকে ছাপিয়ে বেশ জমকালোভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। অনুষ্ঠান সাজানো হয়েছিল খাঁটি হলিউড ঘরানায়। বিশ্ব কাঁপাতে মঞ্চে পারফর্ম করেছেন পপ তারকা কেটি পেরি, বিখ্যাত কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেগাস্টাররা।







