হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে আলো ছড়ালেন বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। ১০ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তিনি প্রথম হয়েছেন।
আসরের প্রথম দিন শনিবার বাংলাদেশ সময় বিকালে হওয়া তিন নম্বর হিটে ইমরানুর সবার আগে দৌড় শেষ করেন। পরের রাউন্ডে যাওয়া ১১ প্রতিযোগীর মধ্যে তিনি চতুর্থ হয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। গত জুলাইয়ে থাইল্যান্ডে হওয়া এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে ছিলেন সেমিফাইনালিস্ট।


