ফুটবল

তিনবারের চেষ্টায় প্রথমবার ফাইনালে স্পেন

স্পেন নারী ফুটবল দল খেলা শেষে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন নারী ফুটবল দল ম্যাচ শেষে উল্লাস করছে, খেলোয়াড়রা আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল বিশ্বকাপে তিনবারের চেষ্টায় প্রথমবার ফাইনালে উঠল স্পেন। অকল্যান্ডের ইডেন পার্কে প্রাধান্য বিস্তার করে খেলা ম্যাচে শক্তিশালী সুইডেনকে তারা হারিয়েছে ২-১ গোলে। ম্যাচের তিনটি গোলই এসেছে নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে।

বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। জয়ী দলটি ফাইনালে লড়বে স্পেনের বিপক্ষে।

খেলার প্রথম মিনিট থেকে সুইডেনের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে মাত্র তৃতীয়বার বিশ্বকাপে খেলতে আসা স্পেন। ৬৩ শতাংশ বল ছিল স্পেনের পায়ে। বাকি ৩৭ শতাংশ বল দখলে রাখতে পারে সুইডেনের নারী দল।

প্রাধান্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোল মুখে একটি শটও নিতে পারেনি স্পেনিয়ার্ড দলটি। দুবারের ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়া পুতেল্লাসের পরিবর্তে নামা সালমা প্যারালুয়েলো প্রথম গোলমুখে শট নেন। ৮১ মিনিটে সালমা বক্সের মধ্যে বল পেলে ডানপায়ে নেয়া শট কাজে লাগান, প্রথম গোলের দেখা পায় স্পেন।

খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি স্পেন। সাত মিনিট পর, খেলার ৮৮ মিনিটে গোলের দেখা পায় সুইডেন। ৮৭ মিনিটে পরিবর্তিত হয়ে মাঠে নামেন লিনা হার্টিং। এক মিনিট পর তার হেডে বাড়ানো বলে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান রেবেকা ব্লমকভিস্ট। সমতায় ফেরে সুইডেন।

সমতায় ফিরে বেশিক্ষণ স্পেনের মেয়েদের আটকে রাখতে পারেনি সুইডেনও। মাত্র দুমিনিট পর ৯০ মিনিটে আবারও গোল করে স্পেন। কর্নার থেকে বাড়ানো বল বক্সের বাইরে পান ওলগা কারমোনা। বাঁ-পায়ের বাঁকানো শটে গোল করেন কারমোনা। ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। পরে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি সুইডেন।

বিষয়:অকল্যান্ড অস্ট্রেলিয়া ইডেন পার্ক ইংল্যান্ড কারমোনা মেয়েদের বিশ্বকাপ-২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…