বাংলাদেশের মাটিতে এবছর হতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী আট দলের নাম আগেই জানা গিয়েছিল। বাছাইপর্ব থেকে পাওয়া গেল আরও দুই দল। আসরের মূলপর্বের টিকিট কেটেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
বিশ্বকাপের গ্রুপ ও সূচি রোববার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড কে কোন গ্রুপে খেলবে, তা বাছাইপর্বের ফাইনাল ম্যাচের ফলাফলের উপর নির্ধারিত হবে।
সোমবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে লড়বে দুদল। চ্যাম্পিয়ন দল টি-টুয়েন্টির বিশ্ব আসরের ‘এ’ গ্রুপে পড়বে। ‘এ’ গ্রুপে থাকা বাকি চার দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের রানার্সআপ দল খেলবে।
প্রথম সেমিফাইনালে রোববার আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে স্কটল্যান্ড। একইদিনে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ১৫ রানে জিতে বিশ্বকাপে পা দেয় শ্রীলঙ্কা।
টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ৩ অক্টোবর। উদ্বোধনী দিনে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। একইদিনে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ দলের অংশগ্রহণে মোট ২৩টি ম্যাচ হবে আসরে। ১৭ দিনের আয়োজনের ফাইনাল ২০ অক্টোবর।







