পঞ্চমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে এসে মেয়েদের বিশ্বআসরে ইতিহাসের প্রথম জয় তোলার প্রত্যাশায় ছিল আর্জেন্টিনা। সুযোগও এসেছিল। দুবার বল জালে জড়ালেও অফসাইডে সেগুলো হয়েছে বাতিল। শেষমুহূর্তে গোলের সুযোগ কাজে লাগিয়ে আলবিসেলেস্তেদের ১-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা পেয়েছে ইতালি।
মেয়েদের ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি আর্জেন্টিনা। আট ম্যাচে দেখেছে হারের মুখ। দুটিতে করেছে ড্র।
সোমবার নিউজিল্যান্ডে ইডেন পার্কে হওয়া জি গ্রুপের ম্যাচের ১৫ মিনিটে আরিয়ানা কারুসো জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়। ৪২ মিনিটে ঘটে একই কাণ্ড। ভ্যালেন্টিনা জিয়াকিন্তি লক্ষ্যভেদ করলে রেফারি বাজান অফসাইডের বাঁশি।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ডেডলক ভাঙে। ৮৭ মিনিটে লিসা বোটিনের পাসে বল নিয়ে হেডে নিশানাভেদ করে ইতালিকে জয়ের আনন্দে ভাসান বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ানা গিরেলি।








