রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। এই অবস্থায় মাঘ মাসের ১০ তারিখ (বুধবার) সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখলো রাজধানী ঢাকা। আবহাওয়ার এ অবস্থার মধ্যে ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস আগেই দিয়েছিল অধিদপ্তর।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও, মগবাজার, ফার্মগেট, শাহবাগ গুলিস্তান সহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে আগামী ছয় ঘণ্টা রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকবে ।এসময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
রাজধানীর তেজগাঁও লিংক রোডে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শামীম আহমেদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে রক্ষা পেতে নাবিস্কোর ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অফিস শেষে বের হয়েই বৃষ্টির দেখা মিলল। মাঘের বৃষ্টিতে না ভিজে তাই দাঁড়িয়েছি। জ্বর, ঠাণ্ডা থেকে রেহাই পেতেই দাঁড়ালাম।’
সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো বাসস্ট্যান্ডে বৃষ্টির কারণে পথচারি, ভ্রাম্যমাণ দোকানিদের তাড়া লক্ষ্য করা যায়।
নাবিস্কো মোড়ে সিদ্ধ ডিম বিক্রেতা মো. আশরাফ বলেন, ‘অন্যদিন রাত দশটা-এগারো পর্যন্ত সিদ্ধ ডিম বিক্রি করি। তবে আজ আর তা হবে না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পলিথিন উপরে টাঙিয়ে ব্যবসা করতেছি। কাস্টমার না থাকলে বাড়ি ফিরে যাওয়াই ভালো’।
অনাকাঙ্খিত বৃষ্টিতে কেউই রেইনকোট বা ছাতা সঙ্গে রাখেননি। তাইতো কর্মস্থল শেষে দ্রুত বাড়ি ফিরতে কেউ গাড়িতে উঠছেন, কেউবা রিকশায়। হঠাৎ বৃষ্টিতে সুযোগ বুঝে রিকশাচালকরাও নির্ধারিত ভাড়ার চাইতে ১০-২০ টাকা বেশি দাবি করছে যাত্রীদের কাছে।
বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সন্ধ্যা ৭টা থেকে আগামী ছয় ঘণ্টা ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এসময় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।








