উইম্বলডন: নাদাল-সুয়েটেকের জয়, সেরেনার বিদায়

উইম্বলডন টেনিস টুর্নামেন্টের সময় বিভিন্ন খেলোয়াড়ের ছবি, যেখানে তারা জয় বা মনোভাব প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রত্যাশিত জয় দিয়েই বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন মিশন শুরু করেছেন ছেলেদের এককে রেকর্ড ২২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। মেয়েদের এককে একবিংশ শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৩৬ ম্যাচ জেতার নজির গড়েছেন ইগা সুয়েটেক। প্রথম রাউন্ডেই হেরে আসর থেকে বিদায় নিয়েছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।
আর্জেন্টিনার রিকার্ডাস বেরানকিসের বিপক্ষে প্রথম দুই সেট ৬-৪ ও ৬-৩ ব্যবধানে জিতে ঘাসের কোর্টে দাপট দেখান নাদাল। তৃতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে বেরানকিস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে পরের সেট ৬-৪ ব্যবধানে জিতে নাদাল দ্বিতীয় রাউন্ডে পা রাখেন।
জয়ের পর নাদাল বলেন, ‘প্রতিদিনই একটি পরীক্ষা এবং আজকের (গতকাল) গুরুত্বপূর্ণ পরীক্ষার একটি ছিল। যে কঠিন পরিস্থিতিতে আমি এখানে এসেছি, জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটি আমাকে আগামীকাল আবার অনুশীলন করার এবং দুই দিনের মধ্যে আরেকটি ম্যাচ খেলার সুযোগ দেয়।’
মেয়েদের এককে ক্রোয়েশিয়ার জানা ফেটকে পাত্তাই দেননি পোল্যান্ডের টেনিস তারকা সুয়েটেক। র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ৬-০ ও ৬-৩ ব্যবধানে প্রতিপক্ষের বিপক্ষে জয় পান।
সুয়েটেকের আগে ১৯৯৭ সালে মেয়েদের এককে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিলেন মার্টিনা হিঙ্গিস। তাকে টপকে যেতে সুয়েটেকের আর দুটি জয় দরকার।
হতাশাকে সঙ্গী করে উইম্বলডনের প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন তারকা র্যাঙ্কিংয়ের ১১৫তম স্থানে থাকা ফ্রান্সের হারমনি তানের বিপক্ষে প্রথম সেট ৭-৫ ব্যবধানে হারেন। দ্বিতীয় সেটে সেরেনা ৬-১ ব্যবধানে জিতে তার ভক্তদের আশার পালে হাওয়া ভালোভাবেই লাগিয়েছিলেন। তৃতীয় সেটে দর্শকরা দেখল তুমুল লড়াই, যার নিষ্পত্তি টাইব্রেকারে হয়েছে। শেষ পর্যন্ত ৭-৬ (১০-৭) ব্যবধানে হেরে সেরেনার বিদায় নিশ্চিত হয়।
ম্যাচের পর সাংবাদিকদের হতাশাঝরা কন্ঠে সেরেনা বলেন, আমি আজ (গতকাল) নিজের সর্বস্ব দিয়েই চেষ্টা করেছি। হয়তো কাল আমি আরও দিতে পারতাম। হয়তো এক সপ্তাহ আগে আমি আরও দিতে পারতাম। কিন্তু আজ আমি যা করতে পারতাম সেটাই করেছি।
আপনাকে কিছু সময়ে সঠিকভাবে কাজটা পারতে হবে। আমি সেটা করতে পারি। তবে সময় বা অন্য কিছু পরিবর্তন করতে পারি না।
ক্যারিয়ার নিয়ে সেরেনাকে তার ভবিষ্যৎ নিয়ে তার উত্তর, এটি এমন এক প্রশ্ন যার উত্তর আমি দিতে পারি না। আমি জানি না। আমার মনে হচ্ছে, আপনি জানেন, আমি জানি না। কে জানে? কে জানে কোথায় আমি থামবো।







