বাংলাদেশ

প্রতিটি জনপদে পাঠাগার গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’

প্রতিটি জনপদে পাঠাগার গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’

প্রতিটি জনপদে পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রতিটি ঘরে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’। দলনিরপেক্ষ, অলাভজনক ও স্বেচ্ছাসেবী এই গণসংগঠনটির প্রথম সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ও প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য পাঠাগার আন্দোলনের সূচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠাভ্যাসই মানুষকে সত্যিকারের ইতিহাস জানতে এবং মনন গঠনে সহায়তা করতে পারে।

সম্মেলনে ‘একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটাই যুক্তি শোষণমুক্তি’ স্লোগান সামনে রেখে পাঠ ও পাঠাগারচর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

সম্মেলনের মাধ্যমে গঠিত ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা বার্তা সম্পাদক অধ্যাপক এ এন রাশেদা। সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী রাশেদুল হাসান রিপন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেরদৌস আহমেদ উজ্জল।

সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আকমল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. নিতাই দাস, লেখক ও কলামিস্ট অধ্যাপক আবু তাহের খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা নিখিল দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ উজ্জল।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি রাজপথ প্রদক্ষিণ করে। এরপর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনটির আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরা হয় এবং নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সম্মেলন থেকে সারাদেশের প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শ্রেণি-পেশার মানুষকে বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…