‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে কি থাকছেন হাল্ক?
এমন প্রশ্নে এখনো চুপ রুশো ব্রাদার্স

মার্ভেল ভক্তদের মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় কি দেখা যাবে মার্ক রাফালোর হাল্ককে? তবে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে নারাজ সিনেমাটির পরিচালক রুশো ব্রাদার্স।
জো রুশো ও অ্যান্থনি রুশো জানিয়েছেন, ডক্টর ব্রুস ব্যানার বা হাল্ক সিনেমাটির গল্পের সঙ্গে যুক্ত থাকলেও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে তার উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করছেন না তারা।
এম্পায়ার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে জো রুশো বলেন, “ব্যানার ডক্টর ডুমকে ঘিরে যে গল্প, তার সঙ্গে অবশ্যই যুক্ত। তবে ডুমসডেতে তার উপস্থিতি আছে কি না, আমরা নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না।”
অ্যান্থনি রুশো আরও বলেন, সিনেমাটিতে এমন কিছু চরিত্র ও অভিনেতা রয়েছেন, যাদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সম্প্রতি ‘স্পাইডারম্যান: ব্রান্ড নিউ ডে’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে ডক্টর ব্যানারকে। ফলে‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে তার সম্ভাব্য উপস্থিতি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর আবারও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন রুশো ব্রাদার্স। মার্ভেলের ষষ্ঠ ধাপের এই সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে অ্যাভেঞ্জার্সের পাশাপাশি ‘ব্ল্যাক প্যান্থার’-এর ওয়াকান্ডানরা, আর্থ-৬১৬-এর থান্ডারবোল্টস বা নিউ অ্যাভেঞ্জার্স, আর্থ-৮২৮-এর ফ্যান্টাস্টিক ফোর এবং মূল এক্স-মেনদের দেখা যাবে।
এদিকে সিনেমাটিতে বড় চমক হিসেবে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ আয়রন ম্যান চরিত্রে নিজের জীবন উৎসর্গ করার পর এবার তাকে দেখা যাবে মার্ভেলের অন্যতম প্রধান খলনায়ক ডক্টর ডুমের চরিত্রে।






