যতই সময় গড়াচ্ছে, বাড়ছে উত্তেজনার পারদ। এবারের কারা জিতবেন, সেই ফয়সালা হতে আর কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই জানা যাবে অস্কারের চূড়ান্ত বিজয়ীদের নাম। তার আগে অস্কার জিতবে কে—এই প্রশ্নের উত্তর জানতে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
সোনালি ট্রফির দৌড়ে এবার একাধিক ছবি আছে আলোচনায়। অস্কার কার জেতা উচিত, কে জিতবে তা নিয়েও চলছে তর্ক-বিতর্ক। প্রতিবারের মতোই এবারও আন্তর্জাতিক গণমাধ্যম ‘হলিউড রিপোর্টার’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে কোন বিভাগে কার জয়ের সম্ভাবনা তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। যদিও উত্তেজনাপূর্ণ লড়াইয়ের কারণে আসরের বিজয়ী নিয়ে পূর্বাভাস দেওয়া কঠিন!
সেরা ছবি
জিতবে: ওপেনহেইমার
জেতা উচিত: ওপেনহেইমার
কারণ: ক্রিস্টোফার নোলানের এই মাস্টারপিস এবারের মৌসুমের সকল অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। তাই অস্কারও যে এই ছবি জিতে নেবে তা মোটামুটি নিশ্চিত।
সেরা নির্মাতা
জিতবেন: ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)
জেতা উচিত: ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)
কারণ: বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। এখন পর্যন্ত এই নির্মাতার হাতে উঠেনি আরাধ্য অস্কার! ‘ওপেনহেইমার’ এর জন্য এ বছর ঘুচতে পারে অস্কারের খরা।
সেরা অভিনেতা
জিতবেন: কিলিয়ান মার্ফি (ওপেনহেইমার)
জেতা উচিত: কিলিয়ান মার্ফি (ওপেনহেইমার)
কারণ: মার্ফির মাপা অভিনয় ‘ওপেনহেইমার’-কে অসাধারণ ও জীবন্ত করে তুলেছে। এবছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। তাই অস্কারও তার হাতেই উঠবে, এমনটাই মনে করা হচ্ছে।
সেরা অভিনেত্রী
জিতবেন: লিলি গ্ল্যাডস্টোন (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন)
জেতা উচিত: এমা স্টোন (পুওর থিংস)
কারণ: লিলি গ্ল্যাডস্টোন এবছর জিতেছেন এসএজি। তিনি যদি অস্কার জেতেন, তাহলে এটা হবে তার প্রথম অস্কার। তাই ধারণা করা হচ্ছে লিলি গ্ল্যাডস্টোনকেই অস্কার পদকটি দেয়া হবে। তবে এমার অভিনয় ছিল অসাধারণ। তিনিই যোগ্য সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য। এমা স্টোন গোল্ডেন গ্লোব , ক্রিটিকস চয়েজ এবং বাফটা জিতেছেন। সাত বছর আগে অস্কার জিতেছিলেন এমা।
সেরা পার্শ্ব অভিনেত্রী
জিতবেন: ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভার্স)
জেতা উচিত: ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল)
কারণ: এই ক্যাটাগরিতে মনোনীত পাঁচ জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ডা’ভাইন জয় র্যান্ডলফ। তিনি ‘দ্য হোল্ডওভার্স’-এর প্রতিটি দৃশ্যে মুগ্ধ করেছেন। এসএজি, গোল্ডেন গ্লোব ও বাফটা জয়ী এই অভিনেত্রী প্রথমবারের মতো অস্কারও জিতে নিতে পারেন এবার। তবে ‘দ্য কালার অব পার্পল’-এর জন্য ড্যানিয়েল ব্রুকও সমান দাবীদার। অস্কারে ‘ফেভারিট’ না হলেও অসাধারণ অভিনয়ের কারণে তারই জেতা উচিত এবারের সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।
সেরা পার্শ্ব অভিনেতা
জিতবেন: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)
জেতা উচিত: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)
কারণ: এবছর প্রায় সবগুলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। তাই অস্কারেও তিনিই পাবেন, এমনটাই মনে করা হচ্ছে।
সেরা ইন্টারন্যাশনাল ফিচার
জিতবে: দ্য জোন অব ইন্টারেস্ট
জেতা উচিত: দ্য জোন অব ইন্টারেস্ট
কারণ: ছকের বাইরে তৈরি করা এই ছবিটি চলতি বছর সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে যোগ্য।
সেরা সিনেমাটোগ্রাফি
জিতবে: ওপেনহেইমার
জেতা উচিত: ওপেনহেইমার
কারণ: ‘ওপেনহেইমার’ সিনেমার প্রতিটি ফ্রেমই দারুণ যা সুনিপুণ হাতে ধারণ করেছেন হোয়েতে ভ্যান হোয়েতেমা। নোলানের দৃষ্টি ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি।
সূত্র: হলিউড রিপোর্টার








