আগামী ৩ থেকে ৪ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা বা গাছের নিচে আশ্রয় না নিতে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে আজও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ রাজধানীতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে।
এদিকে, বুধবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।








