ধর্ম ও জীবন

কোনো খবর শুনেই বিশ্বাস করা, কোরআনে কী নির্দেশনা রয়েছে?

কোনো খবর শুনেই বিশ্বাস করা, কোরআনে কী নির্দেশনা রয়েছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য খবর, ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এর মধ্যে কিছু তথ্য সত্য, কিছু অসম্পূর্ণ, আবার কিছু বিভ্রান্তিকর। অনেক সময় যাচাই না করেই কোনো খবর বিশ্বাস করা হয় কিংবা অন্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়। অথচ কোনো সংবাদ বিশ্বাস করা ও প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ রয়েছে পবিত্র কোরআনে।

সুরা আল-হুজুরাতের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো অবিশ্বস্ত ব্যক্তি সংবাদ নিয়ে এলে তা যাচাই করে নিতে, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে পরে অনুতপ্ত হতে না হয়।

আয়াতটির মূল শিক্ষা হলো, কোনো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, কারও সম্মানহানিকর তথ্য কিংবা কোনো সম্প্রদায়কে ঘিরে ছড়িয়ে পড়া খবরের ক্ষেত্রে সতর্কতা আরও গুরুত্বপূর্ণ।

যাচাই না করে তথ্য ছড়ানোর ঝুকি

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট বা ভিডিও অল্প সময়েই বহু মানুষের কাছে পৌছে যায়। কিন্তু কোনো ছবি পুরোনো কি না, ভিডিওটি সঠিক প্রেক্ষাপটে প্রকাশিত হয়েছে কি না কিংবা বক্তব্যের সম্পূর্ণ অংশ তুলে ধরা হয়েছে কি না, তা অনেক সময় যাচাই করা হয় না।

এর ফলে ভুল তথ্যের ভিত্তিতে মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাঁকে অপরাধী হিসেবে ধরে নেওয়া কিংবা অসমর্থিত তথ্য ছড়িয়ে দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত জীবনে ক্ষতির কারণ হতে পারে।

তথ্য যাচাই করবেন যেভাবে
কোনো খবর শেয়ার করার আগে মূল সূত্র খুজে দেখা প্রয়োজন। একাধিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে কি না, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য আছে কি না এবং ছবি কিংবা ভিডিওর প্রেক্ষাপট সঠিক কি না, তা যাচাই করা যেতে পারে।

কোনো তথ্য নিশ্চিত না হলে সেটিকে সত্য বলে প্রচার না করাই দায়িত্বশীল আচরণ। একইভাবে, অভিযোগ ও প্রমাণিত ঘটনার মধ্যে পার্থক্য বজায় রাখাও জরুরি।

কোরআনের শিক্ষা

কোরআনের এই নির্দেশ শুধু সংবাদ যাচাইয়ের ক্ষেত্রে নয়, দৈনন্দিন জীবনেও প্রাসঙ্গিক। শোনা কথার ভিত্তিতে কাউকে দোষারোপ করা, গুজব ছড়ানো কিংবা যাচাইহীন তথ্যের কারণে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকা এর গুরুত্বপূর্ণ শিক্ষা।

ডিজিটাল যুগে তথ্য ছড়ানো সহজ হলেও তার সত্যতা যাচাইয়ের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কোনো খবর বিশ্বাস করা কিংবা অন্যের কাছে পৌছে দেওয়ার আগে সত্যতা যাচাই করা তাই নৈতিক দায়িত্বের অংশ।

বিষয়:কোরআনের শিক্ষা তথ্য যাচাই পবিত্র কোরআন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…