সৌদি আরবে ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা জারি

ছবি: সংগৃহীত
সৌদি আরবের চার অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
রোববার (১৮ অক্টোবর) জাজান, আসির, আল-বাহা ও মক্কার বিভিন্ন এলাকায় বজ্রঝড়ের পূর্বাভাস দিয়ে এ সতর্কতা জারি করা হয়।
‘গালফ নিউজ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।
আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে। ঝোড়ো বাতাসে ধুলা ও বালুঝড় সৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকিও বাড়তে পারে।
এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু এলাকায় কুয়াশা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকাতেও কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে।
অন্যদিকে, বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও সৌদি আরবের বিভিন্ন শহরে তাপমাত্রা বেশি থাকতে পারে। দেশটির দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। জেদ্দা ও জাজানে তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি। এ ছাড়া হাইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
তবে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উচ্চভূমিতে তুলনামূলক শীতল আবহাওয়া থাকতে পারে। আভায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
এদিকে, আভা, আল-বাহা ও জাজানে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশে পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ হতে পারে। তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হাইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদায় ৩০ শতাংশ থাকতে পারে।
আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





