ধর্ম ও জীবন

উৎসবমুখর পূজামণ্ডপ, আজ মহাষ্টমী ও কুমারী পূজা

উৎসবমুখর পূজামণ্ডপ, আজ মহাষ্টমী ও কুমারী পূজা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন আজ সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী ও সন্ধিপূজা। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠসহ কয়েকটি পূজামণ্ডপে আজ অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। এ উপলক্ষে বিভিন্ন মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বেড়েছে।

এবার পঞ্জিকা অনুযায়ী, সপ্তমী তিথি দুদিন পড়ায় শনিবার প্রথম দিনের মহাসপ্তমী পালিত হয়। গতকাল রোববার সকাল ৬টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দিনের মহাসপ্তমীবিহিত (অধিক) পূজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পূজামণ্ডপে ভক্তিমূলক সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।

আজ মহাষ্টমী উপলক্ষে সকাল ৭টা ৩৪ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট থেকে রাত ৮টা ৪৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশন ও মঠসহ কয়েকটি মণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসরণ করে দুর্গাপূজা আয়োজন করায় সেখানে পূজার সময়সূচিতে কিছুটা পার্থক্য রয়েছে।

মহাষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। আজ সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মিশন ও মঠের পূজামণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, অল্পবয়সী এক কন্যাশিশুকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করে পূজা করা হয়।

আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। দশমীর দিন বিকেল ৩টার পর থেকে প্রতিমা বিসর্জনের কথা রয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

বিষয়:কুমারী পূজা দুর্গোৎসব পূজামণ্ডপ মহানগর সার্বজনীন পূজা কমিটি মহাষ্টমী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…