অবশেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আগামী এপ্রিলে প্রথমবার গড়াতে চলেছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়েদের ক্রিকেটের পেশাদার উন্নয়নে একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে এই আয়োজন বোর্ডের।
বিসিবি জানিয়েছে, আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হবে আসর। প্রথম আসরে অংশ নেবে ৩ ফ্র্যাঞ্চাইজি। যেখানে শীর্ষস্থানীয় জাতীয় ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান প্রতিভাদের নিয়ে স্কোয়াড গঠন করবে দলগুলো। প্লেয়ার ড্রাফট থেকে স্থানীয় খেলোয়াড়দের নিতে পারবে দলগুলো। আসরে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিসিবি পরিচালক এবং বিসিবি মহিলা উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলা ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের নেতৃত্ব দেবেন। শিগগির কাউন্সিল ফ্র্যাঞ্চাইজি, খসড়া নিয়মাবলী, প্রতিযোগিতার ফরম্যাট, সূচি, ভেন্যু, সম্প্রচার এবং বাণিজ্যিক অংশীদারিত্ব সম্পর্কিত তথ্য জানাবে।







