আদালত

সাগর-রুনি হত্যা মামলার পর এবার শতবার পেছাল রিজার্ভ চুরির প্রতিবেদন

সাগর-রুনি হত্যা মামলার পর এবার শতবার পেছাল রিজার্ভ চুরির প্রতিবেদন

তারিখ আসে, তারিখ যায়। তদন্ত শেষ হয় না। আদালতের কাছে বারবার সময় চায় তদন্ত সংস্থা। একপর্যায়ে সেই সংখ্যা ছাড়িয়ে যায় শতকের ঘর। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার পর এবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলাতেও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানোর সংখ্যা একশতে পৌঁছেছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়।

ওই বছরের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক। তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এরপর কেটে গেছে দশ বছরেরও বেশি সময়। কিন্তু এখনো আদালতে দাখিল করা হয়নি তদন্ত প্রতিবেদন।

বিভিন্ন সময়ে তদন্ত শেষ পর্যায়ে থাকার খবর প্রকাশিত হলেও কবে নাগাদ প্রতিবেদন জমা পড়বে, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

সাগর-রুনি হত্যা: ১৩১ বার
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।

সাগর-রুনি হত্যা মামলার পর এবার শতবার পেছাল রিজার্ভ চুরির প্রতিবেদনথানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের পর বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রমে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সর্বশেষ তারিখ গত ৫ নভেম্বরও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা। আদালত আগামী ৯ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ১৩১ বার। ঘটনার পর পেরিয়ে গেছে ১৪ বছরেরও বেশি সময়।

দীর্ঘসূত্রতায় নানা প্রশ্ন
দুটি মামলার ধরন ভিন্ন। একটি রাষ্ট্রের অর্থ চুরির, অন্যটি সাংবাদিক দম্পতি হত্যার। তবে তদন্তের দীর্ঘসূত্রতায় দুটির চিত্র প্রায় অভিন্ন। বছরের পর বছর সময় নিয়েও তদন্ত শেষ করতে পারেনি সংশ্লিষ্ট সংস্থাগুলো।

রিজার্ভ চুরির মামলায় আন্তর্জাতিক আইনি সহযোগিতার জটিলতাসহ অতীতে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে দীর্ঘদিনেও তদন্ত শেষ না হওয়ায় প্রশ্ন অনেক।

বিষয়:আদালত বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক রিজার্ভ চুরি সাগর-রুনি হত্যা সাংবাদিক দম্পতি হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…