প্রবাস সংবাদ

পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার দাবি ফিনল্যান্ড বিএনপির

পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার দাবি ফিনল্যান্ড বিএনপির

ফিনল্যান্ডে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি। দেশটিতে বসবাসরত প্রায় ২৫ হাজার বাংলাদেশির পাসপোর্ট, ভিসা, কনস্যুলার সেবা ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সহজ করতে দ্রুত দূতাবাস প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। ফিনল্যান্ড বিএনপি এ সভার আয়োজন করে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুল গাজীর সঞ্চালনায় সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরেন সাধারণ সম্পাদক জামান সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি কামরুল হাসান জনি।

বক্তব্যে কামরুল হাসান জনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি বলেন, ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কনস্যুলার সেবা, পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত কাজে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছেন। দেশটিতে বাংলাদেশের স্থায়ী দূতাবাস না থাকায় অনেক ক্ষেত্রে দূরবর্তী দেশের ওপর নির্ভর করতে হয়। এতে প্রবাসীদের সময় ও অর্থ দুই দিক থেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।

ফিনল্যান্ডে নিয়মিত কনস্যুলার সেবা ব্যাহত হওয়ার সমালোচনা করে তিনি বলেন, প্রবাসীদের স্বার্থ, অধিকার ও সেবার মান নিশ্চিত করতে বর্তমান সরকারের কাছে ফিনল্যান্ডে দ্রুত বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস প্রতিষ্ঠার জোরালো দাবি জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, দূতাবাস প্রতিষ্ঠা শুধু প্রবাসীদের সেবা নিশ্চিত করার বিষয় নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও ভাবমূর্তি শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

আলোচনা সভায় ফিনল্যান্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিষয়:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ফিনল্যান্ড বিএনপি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি বাংলাদেশ দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…