আন্তর্জাতিক

ইয়েমেনে আবারও যুদ্ধ, সংলাপের আহ্বান জাতিসংঘের

ইয়েমেনে আবারও যুদ্ধ, সংলাপের আহ্বান জাতিসংঘের

ছবি: সংগৃহীত

ইয়েমেনে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়েছে বলে সতর্ক করেছেন দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ। হুতিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর লড়াই অব্যাহত থাকায় দেশটি নতুন করে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে যুদ্ধের অবসানে রাজনৈতিক সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই দূত।

শুক্রবার ৯ অক্টোবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যসূত্রে, ইয়েমেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গ্রুন্ডবার্গ বলেন, সংঘাত তীব্র হওয়ায় নারী ও শিশুসহ সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা ইয়েমেনের পরিস্থিতিকে প্রভাবিত করছে। আবার ইয়েমেনের ঘটনাপ্রবাহও পুরো অঞ্চলের নিরাপত্তায় প্রভাব ফেলছে।

তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। তবে ইয়েমেন নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে দেশটির বাস্তব পরিস্থিতি এবং জনগণের প্রয়োজন ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।

গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেন, যুদ্ধকে ইয়েমেনের স্থায়ী বাস্তবতায় পরিণত হতে না দিতে এখনই রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে। যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্য অর্জন করলেও সংঘাতের স্থায়ী অবসানের জন্য প্রয়োজনীয় আলোচনার বিকল্প তা হতে পারে না। এ জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্মিলিতভাবে মধ্যস্থতার উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে চলমান সংঘাতে অন্তত ৪৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩০ জনের বেশি। নিহত ও আহতদের মধ্যে শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য।

এদিকে জাতিসংঘে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রতিনিধি আবদুল্লাহ আল-সাদি বলেন, হুতিদের হুমকি এখন আর শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয় নয়। গোষ্ঠীটির কাছে অর্থ, অস্ত্র ও প্রযুক্তি সরবরাহের প্রবাহ কমাতে নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইয়েমেন সরকারের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আল-সাদি বলেন, দেশটির জনগণ, সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অর্থনীতিকে সহায়তা দিয়ে যাচ্ছে রিয়াদ।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দরটিতে দুটি হামলার ঘটনা ঘটে। এতে তিন সৌদি নাগরিক নিহত হন।

নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে সৌদি আরবের প্রতিনিধি আবদুল আজিজ আল-ওয়াসিল ইয়েমেনে সংঘাতের বিপজ্জনক বিস্তার মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইয়েমেনকে সৌদি আরবের নিরাপত্তা কিংবা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টির ঘাঁটিতে পরিণত হতে দেবে না রিয়াদ।

বিষয়:ইয়েমেনে যুদ্ধ জাতিসংঘের বিশেষ দূত সংলাপের আহ্বান হ্যান্স গ্রুন্ডবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…