বেতন বৃদ্ধি নিয়ে আবারও বৈঠকে গার্মেন্টস মালিক-শ্রমিক প্রতিনিধিরা

ছবি: সংগৃহীত
পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আবারও বৈঠকে বসেছেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করছেন সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা।
এর আগে শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। এর বিপরীতে সোমবার পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে একটি মজুরি প্রস্তাব দেওয়া হয়। তবে ওই প্রস্তাব শ্রমিকদের প্রত্যাশার তুলনায় যথেষ্ট নয় বলে অসন্তোষ প্রকাশ করেন শ্রমিক নেতারা।
এ নিয়ে সোমবার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। প্রায় নয় ঘণ্টা ধরে আলোচনা চললেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি দুই পক্ষের প্রতিনিধিরা। পরে আলোচনা অব্যাহত রাখতে মঙ্গলবার আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড।
সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার নতুন করে আলোচনায় বসেছেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। এ বৈঠকে মজুরি বৃদ্ধির বিষয়ে কোনো সমঝোতা হয় কি না, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।






