দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো বিমান, হেলিকপ্টার বা অন্য পরিবহন পাঠানোর পরিকল্পনা সরকারের নেই। ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ৮৪টি বিদেশি মিশনের যেকোনো একটিতে শেখ হাসিনা গেলে তাকে গ্রেপ্তার করা হবে। এ জন্য কোনো বিশেষ বিমান পাঠানোর প্রয়োজন হবে না। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলেও আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাকে দেশে আনতে কোনো বিমান, হেলিকপ্টার, বাস কিংবা অন্য কোনো পরিবহন পাঠানোর পরিকল্পনা নেই সরকারের। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো ধরনের পরিবহন পাঠানো নিয়ে আলোচনাও হয়নি।
তিনি বলেন, যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। শেখ হাসিনার ক্ষেত্রেও আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার এক মুখপাত্রের বরাতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান তিনি। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিদেশে অবস্থানরত যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইন ও সরকারের অবস্থান অভিন্ন। জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত যেসব আসামি ভারতসহ অন্যান্য দেশে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক তৎপরতা চলছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্ট হিসেবে অভিহিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার কোনো অর্থ নেই। তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হবেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজস্ব গতিতে চলবে।






