২০২২ সালে ‘চাকদা এক্সপ্রেস’ ছবির শুটিং শেষ করেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যে ছবিটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখনও মুক্তি পায়নি ছবিটি।
এবার শোনা যাচ্ছে, ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম ছবিটি মুক্তি দিতে আগ্রহী। যে ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও পর্দায় প্রত্যাবর্তন করবেন আনুশকা শর্মা।
মিড ডে-র এক প্রতিবেদন অনুসারে, ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর, ‘চাকদা এক্সপ্রেস’ টিম নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহীদের কাছে ছবিটি মুক্তির অনুরোধ জানিয়ে চিঠি লিখেছে।
সূত্র জানায়, নির্মাতারা তাদের চিঠিতে লিখেছেন ‘আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ভারতের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে জানতে চেয়েছি যে, আমরা কি বিতর্কের ঊর্ধ্বে উঠে ছবিটি মুক্তি দিতে পারি? ঝুলনদির মতো কিংবদন্তী ব্যক্তিত্বের উপর নির্মিত একটি বায়োপিক দর্শকদের কাছে পৌঁছানো দরকার।’
এদিকে মাসের পর মাস ধরে ছবিটির মুক্তি আটকে রয়েছে কারণ নেটফ্লিক্স এই ছবিকে যেভাবে তৈরি করা কথা বলেছিল, সেভাবে না হওয়ায় তা পছন্দ হয়নি। প্রযোজনা সংস্থাটি বাজেটের চেয়ে বেশি ব্যয় করেছে। প্ল্যাটফর্মের প্রধানরা ছবিটি তৈরির পদ্ধতি পছন্দ করেননি তাই সমস্যাগুলি আরও জটিল হয়ে উঠেছে। তবে এটা একটা শক্তিশালী ছবি।
বর্তমানে নেটফ্লিক্সের কাছে ‘চাকদা এক্সপ্রেস’-এর স্বত্ব রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর এই বায়োপিকটি মনোযোগ আকর্ষণ করেছে। তাই অনেকেই আশা করছেন যে এই মাসেই আরও কিছু কাজ শেষ হওয়ার পর ছবিটি মুক্তি পাবে। – ডেইলি জাগরান








