বাংলাদেশ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ‘ভাইরাল ভিডিও’ বিষয়ে পবিত্র দুই মসজিদের বার্তা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ‘ভাইরাল ভিডিও’ বিষয়ে পবিত্র দুই মসজিদের বার্তা

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত তথ্য প্রকাশকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিডিওটি ওই ঘটনার প্রমাণ নয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় এ কথা বলা হয়। খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাদের নাম উল্লেখ করা হয় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আক্তার। তবে বিবৃতিতে ঘটনার বিস্তারিত বিবরণ কিংবা সংশ্লিষ্ট মসজিদের নাম জানানো হয়নি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা এবং অন্যের সম্মানহানিকর অপরাধের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপত্তা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাদের পবিত্র কাবা শরিফের পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে দেখা যায়। বিভিন্ন পোস্টে ভিডিওটির সঙ্গে দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগের যোগসূত্র দাবি করা হয়।

তবে পবিত্র দুই মসজয়-সংক্রান্ত তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠানটি বলেছে, ভিডিওটি ওই ঘটনার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। ফলে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবির সত্যতা যাচাই না করে তা প্রচার না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিষয়:দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড পবিত্র দুই মসজিদ সৌদি আরবের পবিত্র নগরী মক্কা হাজরে আসওয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…