আলোচনায় আছে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি থেকে লোভনীয় এক প্রস্তাব দেয়া হয়েছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। এমন প্রস্তাব শুধু মানুষের অনুমান বলে উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
২৪ বর্ষী ভিনিসিয়াসের সৌদি যাত্রা নিয়ে ৬৫ বর্ষী ইতালিয়ান কোচ বলেছেন, ‘এসব নিয়ে কোনো তথ্যই আমার কাছে নেই। দলবদলের বাজারে এ বিষয় নিয়ে মানুষের মধ্যে যা চলছে তা শুধুই জল্পনা। যা ৩১শে আগস্ট বন্ধ হয়ে যাবে। মানুষের অনুমান ছাড়া আর কিছু নয়।’
‘আর এসব অনুমান অবশ্যই ভিনিসিয়াসকে প্রভাবিত করবে না বলে আমি আশাবাদী। সে রিয়ালে আছে এবং এখানেই থাকতে চায়। তার সেরাটা দিতে চায়, রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করতে চায়।’
এর আগে ইউরোপের গণমাধ্যম জানায়, ব্রাজিলিয়ান তারকা ভিনিকে টানতে ৫ বছরে ১ বিলিয়ন ডলারের বিশাল প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাবটি আল আহলি। শুধু ফুটবলেই নয়, ভিনিকে আর্থিক-সামাজিক আরও বিভিন্ন দিক থেকে লোভনীয় সব প্রস্তাব নাকি দিয়ে রেখেছে তারা।








