ওয়েম্বলিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপা তুলে ধরেছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ১১ মৌসুমে ৬ষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। শিরোপা জয়ের পথে লস ব্লাঙ্কোসদের হয়ে দানি কারভাহালের লিড এনে দেয়ার পর দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার গোলের পেছনে রয়েছে কোচ কার্লো আনচেলত্তির ‘তিরস্কার’।
প্রথমার্ধে খুব একটা ভালো খেলতে পারেনি রিয়াল। ইয়েলো ওয়াল ভাঙা তো দূরে থাকুক, নিজেদের রক্ষণকে পরীক্ষা দিতে হয়েছে খুব। আক্রমণভাগে থাকা ভিনিসিয়াস-রদ্রিগো-বেলিংহামরাও মেলে ধরতে পারেননি নিজেদের। প্রথমার্ধে বেশ কয়েকটি ভুল করেছিলেন ভিনিসিয়াস। সেকারণে বিরতির সময় কোচের ‘তিরস্কার’ হজম করতে হয়েছিল সেলেসাও তারকাকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য চিত্র বদলে যায়। প্রথমার্ধে চাপে থাকা রিয়াল উল্টো চেপে ধরে ডর্টমুন্ডকে। একের পর এক আক্রমণে মেলে সফলতা। ৭৩ মিনিটে টনি ক্রুসের নেয়া কর্নার কিক থেকে হেডে গোল আদায় করেন কারভাহাল। ১১ মিনিট পর ভিনিসিয়াসের চোখ জুড়ানো গোল। লিড ধরে রেখেই শেষ হাসিতে মাতে মাদ্রিদ।
শিরোপা নিশ্চিতের পর আনচেলত্তি নিজেই জানিয়েছেন ভিনিসিয়াসকে ‘তিরস্কার’ করার কথা। বলেছেন, ‘আমি তাকে একটু তিরস্কার করেছিলাম। প্রথমার্ধে আমরা একটু অলস ছিলাম, আমাদের প্রচেষ্টা কম ছিল, আমরা তাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছিলাম।








