প্রবীণ সাংবাদিক, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক এবং বহুল আলোচিত সাপ্তাহিক সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা ও প্রকাশক আমিনুল ইসলাম বেদুর জানাজা আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের লাশ ঢাকার বারডেম হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। তার দুই মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর বুধবার মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মৃত্যুর আগে আমিনুল ইসলাম বেদুর মরণোত্তর দেহ দানের প্রতিশ্রুতি অনুযায়ী মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরিবারের পক্ষ থেকে হস্তান্তর করা হবে।
প্রবীণ এই সাংবাদিক দীর্ঘ ৩৬ বছর এপিপি ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক এবং বহুল আলোচিত সাপ্তাহিক সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা ও প্রকাশক ছিলেন। তিনি দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৩০ সালে চট্টগ্রাম জেলার ভিংরোল গ্রামে জন্মগ্রহণ করেন আমিনুল ইসলাম বেদু। তিনি বাংলাদেশ মানবতাবাদী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী সভাপতি। একইসঙ্গে তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাবেক নির্বাহী সভাপতি। বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি রবীন্দ্র একাডেমির অন্যতম উদ্যোক্তা ও সহ-সভাপতি। উত্তরা সাহিত্য পরিষদেরও সভাপতি তিনি। ১৯৯৯ সালে ‘সাকিয়াত’ সাপ্তাহিক কর্তৃক সাংবাদিকতার জন্য সম্মাননা লাভ করেন। চট্টগ্রাম সমিতিও তাকে গুণিজন সম্মাননায় ভূষিত করে।
আমিনুল ইসলাম বেদু ৬টি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের লেখক এবং ‘দ্য নিউজম্যান’ নামে সাংবাদিকতার ওপর সহায়ক একটি গ্রন্থের জন্য বিশেষভাবে সমাদৃত।







