জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীরশ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়েছে।
এর আগে গ্যালারিগুলোর নাম ছিল নদী ও ফুলের নামে। নতুন নামকরণের ফলে সংসদ ভবনের প্রতিটি গ্যালারি এখন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে।
নতুন নামকরণ হওয়া গ্যালারিগুলো হলো- ভিআইপি গ্যালারি ১- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (পদ্মা), ভিআইপি গ্যালারি ২- বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান (মেঘনা), গ্যালারি ৩- বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, (শিমুল)। গ্যালারি ৪- বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (শিউলি)। গ্যালারি ৫- বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন (বকুল)। গ্যালারি ৬- বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (শাপলা)। গ্যালারি ৭- বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল (যমুনা)। এছাড়া গ্যালারি-১ ও গ্যালারি-২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে (সাংবাদিক গ্যালারি)।
জাতীয় সংসদের গ্যালারিগুলোর এই নামকরণের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের পাশাপাশি বীরত্ব ও ত্যাগের ইতিহাসকে আরও দৃশ্যমান করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মূল্যবোধ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








