এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন খাতের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এ সময় মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ভাতা বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
বাজেট প্রস্তাব অনুযায়ী, ভাতা সমন্বয়ের পর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরশ্রেষ্ঠদের মাসিক ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তমদের ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীকদের ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তানদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে সরকার তাদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আরও কয়েকটি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, মা ও শিশু সহায়তা কর্মসূচির সম্প্রসারণ এবং ক্যান্সারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব।
আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় বেশি।







