ফুটবল

উজবেকিস্তানে জয়ের হাসিতে শুরু বাংলাদেশের

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

উজবেকিস্তানে জয়ের হাসিতে শুরু বাংলাদেশের

মেয়েদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে বাছাইপর্ব উৎরাতে শুরুটা ভালো করেছে মেঘলা রানী রায়ের দল। দুটি গোলের একটি করে করেছেন মিডফিল্ডার মোছাম্মৎ আলমিনা ও ফরোয়ার্ড রুনা আক্তার। 

তাসখন্দের দাসলিক স্টেডিয়ামে শুরুতেই আধিপত্য ছিল বাংলাদেশের। সুবাদে ম্যাচের প্রথমদিকে এগিয়ে যায় কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। ম্যাচের চতুর্থ মিনিটে রাইট উইং থেকে ফরোয়ার্ড পূর্ণিমা মারমার অ্যাসিস্টে গোল করেন মিডফিল্ডার আলমিনা। শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

প্রথমে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ১৭ মিনিটে সমতায় আসে স্বাগতিকেরা। ডিফেন্ডার ফারাঙ্গিজ লেকেইভার গোলে ১-১ সমতায় ফেরে স্বাগতিক উজবেকিস্তান। পরে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

বিরতির পর দ্বিতীয়ার্ধে নেমে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত যোগ করা হয় আট মিনিট। তৃতীয় মিনিটে বদলি হিসেবে নামা সুরভী রানীর অ্যাসিস্টে ম্যাচের জয়সূচক গোল করেন বদলি হিসেবে নামা ফরোয়ার্ড রুনা আক্তার। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিষয়:আলমিনা উজবেকিস্তান টিটু তাসখন্দ বাংলাদেশ রুনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…