উইজডেন ক্রিকেটে বাংলাদেশের হৃদয়

টেস্ট ক্রিকেটে স্বপ্নের মতো শুরু তাওহীদ হৃদয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলে এবার জায়গা করে নিলেন উইজডেন ক্রিকেটের বিশেষ পরিসংখ্যানে। টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংস বিবেচনায় গত ১০০ বছরে তার চেয়ে বড় ব্যক্তিগত ইনিংস খেলতে পেরেছেন মাত্র তিন ব্যাটার।
শনিবার সিলেট টেস্টের তৃতীয় দিনে ১৮৪ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে ফেরান তিনি। ৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় ২৪২ রানে অপরাজিত থাকেন। তার ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিড পায় ৩০ রানের।
এই ইনিংসে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন হৃদয়। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে গেছেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন হৃদয়।
মহাকাব্যিক ইনিংসটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে হৃদয়ের কীর্তি তুলে ধরেছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ক্রিকেট। সেখানে গত এক শতাব্দীতে টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে বাংলাদেশের এই ব্যাটারকে।
তালিকায় সবার ওপরে ভারতের করুণ নায়ার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের জহির আব্বাস ১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২৭৪ রান। তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কনরাড হান্টে। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ২৬০ রান।
এই তালিকায় চতুর্থ নামটি তাওহীদ হৃদয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ২৪২ রানে অপরাজিত থেকে ইতিহাস গড়েছেন বাংলাদেশের এই ব্যাটার।





