বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে আছেন ভারতের ব্যাটার করুণ নায়ার। টানা তিন সেঞ্চুরি হাঁকিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে গড়েছেন বিশ্বরেকর্ডও। যেখানে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনকে।
৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার কীর্তি এখন নায়ারের। শুক্রবার উত্তরপ্রদেশের দেয়া ৩০৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন করুণ নায়ার। এদিন শতরানের পর টুর্নামেন্টে প্রথমবার আউট হন তিনি। ইনিংস সাজানো ছিল ১১ চার ও ২ ছক্কায়।
টুর্নামেন্টে টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর আউট হন বিদর্ভ অধিনায়ক। এই পথচলায় পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে মোট ৫৪২ রান এসেছে তার ব্যাটে। করুণ নায়ার নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের ৫২৭ রানকে পেছনে ফেলে একদিনের ক্রিকেটে টানা সর্বাধিক রান সংগ্রহের নতুন রেকর্ড গড়েছেন।
ইনিংসটির মধ্য দিয়ে নায়ার ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে একদিনের ক্রিকেটে টানা ৫০০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন। আগে জাতীয় দল জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি।







