২০২৫-২৯ চক্রের জন্য মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির কাছ থেকে ওয়ানডে মর্যাদা পাওয়া দলের সংখ্যা ১৬টি। যে তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হয়েছে আমিরাতের মেয়েরা। যুক্তরাষ্ট্রের বাদ পড়ার সুযোগে তারা আইসিসির সহযোগী দেশের তালিকায় নাম তুলেছে। যা কার্যকর হবে ১২ মেয়ে থেকে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি। মেয়েদের ক্রিকেটে ওয়ানডে মর্যাদা পাওয়া পাঁচটি সহযোগী দেশ হচ্ছে- থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস এবং আরব আমিরাত। টি-টুয়েন্টিতে শক্তিশালী পারফরম্যান্স করেই ১৬তম দল হিসেবে যুক্ত হয়েছে আমিরাত।
ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার মধ্য দিয়ে থাইল্যান্ড এবং স্কটল্যান্ড নিজেদের ওয়ানডে মর্যাদা ধরে রেখেছে। অন্যদিকে পিএনজি এবং নেদারল্যান্ডস সেই মর্যাদা পায় তাদের টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে পিএনজি ১৩তম এবং নেদারল্যান্ডস ১৫তম স্থানে রয়েছে। একই র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড এবং স্কটল্যান্ড যথাক্রমে ১১তম এবং ১২তম স্থানে রয়েছে।
সাধারণত ওয়ানডে স্ট্যাটাস পেতে তিন-চার বছরের চক্রে ফরম্যাটটিতে একটি দলকে ন্যূনতম ৮টি ম্যাচ খেলার পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি করতে হয়।
গত মাসে পাকিস্তানের মাটিতে হওয়া মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল টুর্নামেন্টটিতে জায়গা পেয়েছে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মেয়েরা ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেলেও, ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।








