সরকারের শ্রমবান্ধব নীতিতে অনুপ্রাণিত হয়ে বিনিয়োগের সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নতুন সরকারের শ্রমবান্ধব নীতিমালা ও শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় নেওয়া পদক্ষেপে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে বিনিয়োগের সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) এর অর্থায়নের যোগ্যতা অর্জনকে সরকারের বড় অর্জন হিসেবে দেখছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।
তিনি বলেন, নতুন সরকারের শ্রমবান্ধব নীতি, শ্রম আইন পাস এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় নেওয়া উদ্যোগ আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগীরা সরকারের এসব পদক্ষেপে অনুপ্রাণিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালার কারণে বাংলাদেশে এ ধরনের মার্কিন অর্থায়নের সুযোগ তৈরি হয়নি। তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে এ অর্জন এসেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগে বৈশ্বিক আস্থা বাড়ছে। গত নয় মাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলও এখন দৃশ্যমান হচ্ছে।
ডিএফসির অর্থায়নের ফলে বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্প, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ বাড়বে উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রতিটি প্রকল্প আলাদাভাবে বিবেচনা করা হবে। প্রকল্পভিত্তিক অর্থায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এতে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রমিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ করেছে। শ্রম আইন পাসের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষার বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। সরকারের এসব উদ্যোগ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থা অর্জনে ভূমিকা রেখেছে।
এসময় দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, পলাতক রাজনৈতিক অপশক্তি দেশে ও দেশের বাইরে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডই প্রমাণ করে, তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি।






