যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও পাকিস্তানের চলমান সংঘাতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসে একজন সাংবাদিক “পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়েছে। আপনি কি এতে হস্তক্ষেপ করতে ইচ্ছুক?” এমন প্রশ্ন করলে জবাবে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
ট্রাম্প উত্তর দেন, বেশ, আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। পাকিস্তানে একজন অসাধারণ প্রধানমন্ত্রী এবং জেনারেল আছেন। তাদের দু’জনকে আমি সত্যিই সম্মান করি, এবং আমি মনে করি, পাকিস্তান ভালো করছে।
উল্লেখ্য, আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তান সময়মতো জবাব দেওয়ার ঘোষণা দেয়। সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনাদের ওপর আকস্মিক হামলা চালায় আফগান বাহিনী। পরিস্থিতির জেরে পাকিস্তানও পাল্টা বিমান হামলা শুরু করে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তান তালেবান যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।








