গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত ও বিচারের আহ্বান জানানো জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
আজ (১৪ মে) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে পলিটিকো জানিয়েছে, আলবানিজের বক্তব্য মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে এবং এই কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘনের শামিল বলে জানিয়েছে আদালত।
স্থানীয় সময় বুধবার দেওয়া রায়ে ওয়াশিংটনের ফেডারেল বিচারক রিচার্ড লিওন বলেন, আলবানিজ শুধু কথা বলেছেন, এর বেশি কিছু করেননি। আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) তদন্ত ও বিচার চালানোর আহ্বান জানানো ছিল তার ব্যক্তিগত মতামত, যার কোনো বাধ্যতামূলক আইনগত প্রভাব নেই।
এর আগে, গাজায় ইসরায়েলের অভিযানে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক তদন্তের পক্ষে অবস্থান নেওয়ায় গত জুলাইয়ে জাতিসংঘের এই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের এক নির্বাহী আদেশের আওতায় ওই নিষেধাজ্ঞা জারি করেন।
ইটালির নাগরিক ও মানবাধিকার আইনজীবী ফ্রান্সেসকা আলবানিজ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কাজ করে আসছেন। গাজায় ইজরায়েলের সামরিক অভিযানকে তিনি বারবার গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।








