ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
আজ ৩০ মে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা সংলাপে অংশ নিয়ে হেগসেথ বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নিতে সক্ষম।
হেগসেথ বলেন, প্রয়োজনে আমরা আবার শুরু করতে প্রস্তুত। শুধু প্রস্তুতই নই, আমাদের সক্ষমতা প্রয়োজনের চেয়েও বেশি। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের পর্যাপ্ত সামরিক মজুদ ও সক্ষমতা রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকলেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তাদের মনোযোগ সরে যায়নি।
তার ভাষায়, আমরা একই সঙ্গে একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। আমাদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়ানো যায় এবং বৈশ্বিক নিরাপত্তা পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
হেগসেথ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছেন এবং এমন একটি ‘ভালো চুক্তি’ চান, যা নিশ্চিত করবে যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।








