বাংলাদেশ বিষয়ে ভারতের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
স্থানীয় সময় বুধবার ১৪ আগস্ট মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার নিয়ে প্রশ্ন করলে জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করেছি।
তিনি বলেন, আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রেখেছি।
অন্য এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা ড. ইউনূসের শান্ত এবং সাম্প্রতিক সহিংসতার অবসানের আহ্বানকে স্বাগত জানাই। পাশাপাশি স্বাগত জানাই নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের উদ্যোগকে।








