বাংলাদেশ

দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার মোতায়েন

দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার মোতায়েন

ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের অনুকূল পরিবেশ বজায় রাখতে আরও ২০ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে।

নতুন এই মোতায়েনের ফলে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও মহাসড়কসহ বিভিন্ন কৌশলগত স্থানে আনসার ব্যাটালিয়নের মোট ৪২ প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন সদস্যদের মোতায়েন করা হয়।

এর মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তায় ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন। শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপতৎপরতা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।

নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য চাষাঢ়া মোড়, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, উডেন ব্রিজ, বিসিক ও কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন সদস্য।

এ ছাড়া খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা জোরদারে তাঁরা কাজ করছেন।

মোতায়েন কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়কসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং শিল্প উৎপাদনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:৪২ প্লাটুন আনসার জননিরাপত্তা মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…