এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় ও সবচেয়ে বেশি ঠাণ্ডার সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলে এক শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানে। এতে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি রাজ্যে রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে শীতকালীন তুষারঝড়ের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরমধ্যে কেনটাকি, ভার্জিনিয়া, কানসাস, আরকানসাস ও মিসৌরি রাজ্য রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা যায় ওই এলাকায় ২ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে।
তুষারপাতের ফলে দেশটির সেন্ট লুইস, মিসৌরি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য অনুসারে, ২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত ও দেড় হাজারের মতো ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ছয় কোটি মানুষ তুষার ঝড়, হিমশীতল তাপমাত্রা ও ভ্রমণে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে বলে দেশটির আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। সুমেরু অঞ্চলের প্রবল বাতাসসহ এই ঝড়ে স্থানীয় সময় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকা গভীর বরফে চাপা পড়ার আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এনডব্লিউএস।
এনডব্লিউএস জানায়, উত্তর-পূর্ব কানসাস থেকে উত্তর-মধ্য মিসৌরি পর্যন্ত এলাকায় ১৫ ইঞ্চি তুষারপাত হতে পারে। যা এক দশকের মধ্যে সবচেয়ে ভারি তুষারপাত। রাজধানী ওয়াশিংটন পাঁচ ইঞ্চি বা তারও বেশি তুষারে ঢেকে যেতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে।








