ফুটবল

উরুগুয়ে ম্যাচে গ্যালারি ভরাতে যে উদ্যোগ ভারতের

উরুগুয়ে ম্যাচে গ্যালারি ভরাতে যে উদ্যোগ ভারতের

ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ম্যাচে পুরোপুরি ভরেনি কলকাতার সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি। গত ৩ অক্টোবর ম্যাচটিতে ৮৫ হাজার আসনের বিপরীতে দর্শক উপস্থিতি ছিল ৫১ হাজারের কিছু বেশি। খালি ছিল প্রায় ৩৪ হাজার আসন। ব্রাজিল ম্যাচের সেই অভিজ্ঞতার পর এবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে টিকিটের দাম কমিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

মঙ্গলবার কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে নামবে উরুগুয়ে। এআইএফএফ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন টিকিটের দাম ঘোষণা করেছে। ম্যাচটিতে সি-২ ব্লকের বাঁ ও ডান পাশের টিকিটের দাম ১ হাজার ৯৯৯ রুপি থেকে কমিয়ে মাত্র ১৯৯ রুপি করা হয়েছে। অর্থাৎ আগের দামের তুলনায় ৯০ শতাংশ কমানো হয়েছে দাম।

এদিকে গত ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসিকে দেখতে টিকিট কাটা দর্শকদের একটি অংশকে উরুগুয়ে ম্যাচের টিকিট বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

মেসির ‘দ্য গোট ট্যুর’ ঘিরে আয়োজিত সেই অনুষ্ঠানে আর্জেন্টাইন তারকা মাঠে ঢোকার পরই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। পরিস্থিতিতে বিরক্ত হয়ে মেসি মাঠ ছেড়ে যাওয়ার পর দর্শকদের একাংশ গ্যালারিতে ভাঙচুর চালিয়ে মাঠে ঢুকে পড়েন।

এবার সেই ম্যাচের টিকিট দেখাতে পারলেই উরুগুয়ে-ভারত ম্যাচের টিকিট বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বিষয়:উরুগুয়ে ভারত সল্টলেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…