উত্তর জাপানের ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চল ইশিকাওয়ার উপকূলীয় এলাকায় ‘নজীরবিহীন’ বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধস হয়েছে। এতে, এই অঞ্চল থেকে এখন পর্যন্ত এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) প্রবল বৃষ্টির কারণে রোববার দুপুর পর্যন্ত ইশিকাওয়া অঞ্চলের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় এই অঞ্চলে অন্তত ১২টি নদীর তীর ভেঙে যাওয়ায় চারটি শহরের ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জাপানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে জানায়, নিখোঁজদের মধ্যে দু’জন নদীর তীব্র স্রোতের কারণে ভেসে গেছে। এদিকে, ভয়াবহ ভূমিধসের পর রাস্তা মেরামতের কাজে নিয়োজিত আরও চার শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এনএইচকে জানায়, শনিবার সকালে ওয়াজিমায় ১২০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রেকর্ড শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে এটি সবচেয়ে ভারী বৃষ্টিপাত।
জাপানের আবহাওয়াবিদ সুগিমোতো সাতোশি বলেন, এই অঞ্চলে এই মাত্রার বৃষ্টিপাত আগে কখনো হয়নি। অবিলম্বে বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা জীবনের ঝুঁকিতে রয়েছেন।










