বিশ্ব বক্স অফিসে ‘রামায়ণ’কে ছাড়াল ‘গডজিলা’

বিশ্ব বক্স অফিসে দাপট দেখাচ্ছে জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ৬৩মিলিয়ন মার্কিন ডলার আয় করে শীর্ষস্থান দখল করেছে তাকাশি ইয়ামাজাকি পরিচালিত সিনেমাটি। এর মধ্য দিয়ে রণবীর কাপুর ও যশ অভিনীত ভারতীয় সিনেমা ‘রামায়ণ’কেও পেছনে ফেলেছে এটি। তবে ভারতের বাজারে ভালো ব্যবসার কারণে দুই সিনেমার আয়ের ব্যবধান খুব বেশি হয়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকার বক্স অফিসে মুক্তির প্রথম সপ্তাহান্তে সবচেয়ে বেশি আয় করেছে ‘গডজিলা মাইনাস জিরো’। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সেখানে সিনেমাটির আয় ৩১.৬ মিলিয়ন ডলার। এই আয়ে দ্বিতীয় স্থানে থাকা ‘ক্যাট ইন দ্য হ্যাট’ কে পেছনে ফেলেছে সিনেমাটি।
অপরদিকে, একই সময়ে উত্তর আমেরিকায় ‘রামায়ণ’র আয় হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার। আন্তর্জাতিকভাবে ‘রামায়ণ: রাইজ অব দ্য লেজেন্ড’ নামে মুক্তি পাওয়া সিনেমাটি যুক্তরাষ্ট্রে কোনো ভারতীয় চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বিস্তৃত পরিসরে মুক্তি পেয়েছে। এরপরও উত্তর আমেরিকার বক্স অফিসে পঞ্চম অবস্থানে রয়েছে সিনেমাটি। প্রথম সপ্তাহান্তের বর্ধিত হিসাবসহ সেখানে এর আয় দাঁড়িয়েছে ১২.২ মিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার বাজারে একই সময়ের আয়ের তুলনায় ‘গডজিলা মাইনাস জিরো’ ‘রামায়ণ’-এর চেয়ে ২৬০ শতাংশ বেশি আয় করেছে।
তবে বিশ্বব্যাপী আয়ের হিসাবে ব্যবধান তুলনামূলক কম। মুক্তির প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে ‘গডজিলা মাইনাস জিরো’ আয় করেছে ৬৩ মিলিয়ন ডলার। অন্যদিকে, চার দিনের উদ্বোধনী সপ্তাহান্তে ‘রামাায়ণ’র আয় প্রায় ৫৫ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারতের বাজার থেকেই এসেছে ৩০ মিলিয়ন ডলারের বেশি, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯০ কোটি রুপি (গ্রস)।
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘গডজিলা মাইনাস জিরো’ দক্ষিণ এশিয়ায় মুক্তি না পেলেও বিশ্ব বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে, দক্ষিণ এশিয়ায় আইম্যাক্সে ‘রামায়ণ’র ভালো ব্যবসা বিশ্বব্যাপী আয়ের ব্যবধান কমাতে সহায়তা করেছে।
দুটি সিনেমার নির্মাণ ব্যয়ের পার্থক্যও বেশ বড়। ‘গডজিলা মাইনাস জিরো’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯ মিলিয়ন ডলার। অন্যদিকে, ‘রামায়ণ’ নির্মাণে ব্যয় প্রায় ২১০ মিলিয়ন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, জাপানি সিনেমাটির বাজেট ‘রামায়ণ’র বাজেটের ৯ শতাংশ।
১৯৪৯ সালের যুদ্ধ-পরবর্তী জাপানের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গডজিলা মাইনাস জিরো’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতি কাটিয়ে দেশটি যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই আবির্ভাব ঘটে তিন মাথাবিশিষ্ট ড্রাগনের মতো বিশাল দানব কিং গিদোরাহর।
অন্যদিকে, ২০২৩ সালের ‘গডজিলা মাইনাস ওয়ান’ সিনেমায় পরাজিত বলে মনে করা গডজিলা তেজস্ক্রিয়তার প্রভাবে আবার ফিরে আসে। এরপর তিন মাথাবিশিষ্ট দানব কিং গিদোরাহর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে সে। এই সংঘর্ষে মানুষের সহায়তাও পায় গডজিলা।
তাকাশি ইয়ামাজাকি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে জাপানের প্রযোজনা প্রতিষ্ঠান তোহো। উত্তর আমেরিকায় সিনেমাটি পরিবেশনা করছে জিকেআইডিএস। শিল্প বিশ্লেষক ডেভিড এ গ্রসের মতে, সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তের আয় ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া আগের সিনেমাটির উদ্বোধনী আয়ের প্রায় তিনগুণ।
সব মিলিয়ে, উত্তর আমেরিকার বাজারে ‘গডজিলা মাইনাস জিরো’র বড় ব্যবধানে এগিয়ে থাকা এবং বিশ্বব্যাপী আয়ের শীর্ষস্থান দখল সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি করেছে। হিন্দুস্তান টাইমস






