চীনের কাছে ১৯ গোলে হারের পর ভারতের সামনেও দাঁড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। টিম ইন্ডিয়ার সঙ্গে একের পর গোল হজম করে ম্যাচজুড়ে লাল-সবুজদের দলের প্রাপ্তি ছিল শুধু ভারতের জালে পাঠানো অধিনায়ক অর্পিতা পালের একমাত্র গোলটি।
ওমানের মাসকটে অনূর্ধ্ব-২১ মেয়েদের এশিয়া কাপ হকিতে ভারত ১৩-১ গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে। শুরুতেই ভারত তিন গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পায়। প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয় বাংলাদেশ। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে, ভারতের আধিপত্য তত বেড়েছে।
দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরো দুই গোল যোগ করে। ৫-১ স্কোরলাইন নিয়ে দুদল মধ্য বিরতিতে যায়। তৃতীয় কোয়ার্টারে তিনটি ও শেষ কোয়ার্টারে ভারত পাঁচ গোল করলে ১৩-১ গোলের বিশাল পরাজয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ।
লাল-সবুজের দলের অধিনায়ক অর্পিতা পাল প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে একটি গোল করেন। পুরো ম্যাচে বাংলাদেশের এটি প্রাপ্তি।
এশিয়া কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশের মেয়েরা। জুনে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিল বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের আরেক ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড।








