তিন বছরে ২৯০ তরুণীর স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

তিন বছরে ২৯০ জন তরুণীর জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি করেছে শিস্টেম (SheSTEM) প্রকল্প। পাশাপাশি ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম। এসব শিক্ষার্থীর ৬০ শতাংশই নারী।
নেদারল্যান্ডস দূতাবাসের (ইকেএন) সহায়তায় পরিচালিত শিস্টেম কনসোর্টিয়ামের তিন বছর মেয়াদি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান রোববার রাজধানীর আমারি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা প্রকল্পের অর্জন পর্যালোচনা করেন। এ সময় প্রকল্পে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশে স্টেম খাতে কর্মরতদের মধ্যে নারীর হার মাত্র ১৪ শতাংশ। এই খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০২৩ সালের নভেম্বরে শিস্টেম প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করে। এর অন্য সদস্যরা হলো টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
প্রকল্পের আওতায় তিন বছরে দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, রোল মডেল টক, শিল্প খাতের নেতাদের সঙ্গে সরাসরি মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করা হয়। পাশাপাশি জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিশ্চিত করতে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রমে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত ছিল। এ ছাড়া বিএসআরএম ও ওয়ালটনের মতো নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছে প্রকল্পটি।
প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর ওপর জরিপের ভিত্তিতে তৈরি ‘শিস্টেম বিজনেস কেস রিপোর্ট’। এতে স্টেম খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।
২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচিতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পান। এ ছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথম শিস্টেম-বিএসআরএম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেন। কুয়েটে আয়োজিত ‘কেস ক্র্যাক ২.০’সহ বিভিন্ন বিজনেস-টেক চ্যালেঞ্জে অংশ নেন ৩০০ জনের বেশি শিক্ষার্থী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লাইটক্যাসল পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম বলেন, ‘তিন বছর আগে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, মেধার কোনো জেন্ডার নেই। আজ আমরা সেই নারীদের উদ্যাপন করছি, যাঁরা তা প্রমাণ করেছেন। একই সঙ্গে তাঁদের জন্য সুযোগ তৈরি করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাদেরও সম্মান জানাচ্ছি।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভলার্ন কনসাল্টিংয়ের ম্যানেজিং পার্টনার। স্টেম খাতে নারীদের জন্য সমতাভিত্তিক সুযোগ তৈরির বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এনএসইউ, এইউএসটি, এটুআই, বিএসআরএম ও ইউএনডিপির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল। এ সময় মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ‘শিস্টেম অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়।
প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এর মাধ্যমে গড়ে ওঠা অংশীদারত্ব, মেন্টর নেটওয়ার্ক ও কর্মসংস্থানের সুযোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, স্টেম খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।





