সেমিতে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আসা বাংলাদেশের এবার শিরোপার লড়াই। শেষের মঞ্চে জুনিয়র টাইগারদের সামনে টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা সংযুক্ত আরব আমিরাত। ফাইনালে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় গড়াবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের ফাইনাল লড়াই।
আসরে এপর্যন্ত অপরাজিত বাংলাদেশ। গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপানকে হারিয়ে সেমিতে পা রাখে কোচ ওয়াসিম জাফরের শিষ্যরা, সেমিতে কোচের জন্মভূমি ভারতকে ৬১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে যুবা টাইগার্স।
দ্বিতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১৯ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল লাল-সবুজের দলের।
গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাত শুধু বাংলাদেশের বিপক্ষেই একটি ম্যাচ হেরেছিল। একই প্রতিপক্ষের বিপক্ষে মানসিকভাবে এগিয়ে থেকে নামবে মাহফুজুর রহমান রাব্বির দল।







