টাইগারের পর এবার নিশানায় তুষার?

বলিউডের ভাইজান সালমান খানকে দিয়ে শুরু, তারপর থেকে একের পর এক অভিনেতা নিশানায়৷ এবার নতুন করে অভিনেতা তুষার কাপুরকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একটি ফোন করা হয়, যেখানে অভিনেতার কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফোন করা ব্যক্তি দাবি করে যে তার নাম ‘হ্যারি বক্সার’ এবং সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একজন সদস্য। এরপরই সে অভিনেতার কাছে এই বিপুল অঙ্কের টাকা দাবি করে। ঘটনার পর অভিনেতা অবিলম্বে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তের দায়িত্ব ‘অ্যান্টি-এক্সটরশন সেল’ এবং ‘ক্রাইম ব্রাঞ্চ’-এর হাতে তুলে দিয়েছে।
আইএএনএস’র রিপোর্ট অনুযায়ী, তদন্ত চলাকালীন মুম্বাই পুলিশের প্রযুক্তিগত টিম সেই হুমকি ফোনের অডিও রেকর্ডিংয়ের সঙ্গে তাদের ডেটাবেসে থাকা হ্যারি বক্সারের অফিসিয়াল অডিও স্যাম্পল মিলিয়ে দেখে। পুলিশ কর্মকর্তাদের মতে, দুটি কণ্ঠস্বরের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। এই কারণেই প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে এটি একটি ভুয়া (ফেক) কল ছিল এবং শুধুই ভীতি সৃষ্টির উদ্দেশ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করা হয়েছিল।
এই মুহূর্তে ফোন এবং অডিও বার্তা পাঠানো অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। অভিযুক্তের অবস্থানও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
কয়েক দিন আগেই অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে অনুশীলন করছিলেন টাইগার। অনুশীলন শেষে গাড়ি নিয়ে বেরনোর সময় দুই দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়।
অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। তবে গুলিতে আহত হন তার গাড়ির চালক এবং কাছাকাছি থাকা এক ভ্লগার। পরে এই হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা স্বীকার করে বলে জানা যায়। ঘটনায় জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী অনিল পণ্ডিতকে প্রধান অভিযুক্ত হিসেবে খুঁজছে পুলিশ।






