আন্তর্জাতিক

আসিয়ানে পূর্ণ প্রতিনিধিত্ব না পেয়ে ক্ষুব্ধ মিয়ানমারের জান্তা সরকার

আসিয়ানে পূর্ণ প্রতিনিধিত্ব না পেয়ে ক্ষুব্ধ মিয়ানমারের জান্তা সরকার

সংগৃহীত

আঞ্চলিক জোট আসিয়ানের (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলনে পূর্ণ প্রতিনিধিত্বের সুযোগ না দেওয়ায় সংস্থাটির সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বলে আখ্যা দিয়েছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার। একই সঙ্গে দেশটির প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে তারা।

শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে নেওয়া সিদ্ধান্তে মিয়ানমারের ইতিবাচক পদক্ষেপগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। সম্মেলনে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বহালের বিষয়ে যে শর্ত দেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক।

সম্মেলনে আসিয়ান নেতারা বলেন, মিয়ানমার সংকট সমাধানে সংস্থাটির পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারলে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে পুনর্বহাল করা হতে পারে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট সংকট নিরসনে এই পাঁচ দফা ঐকমত্যকে একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে বিবেচনা করা হয়।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আসিয়ানের সম্মেলনগুলোতে দেশটির অংশগ্রহণ সীমিত করা বৈষম্যমূলক। তাদের মতামত প্রায়ই উপেক্ষা করা হচ্ছে এবং সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, মিয়ানমারে কোনো রাজনৈতিক বন্দি নেই। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে এক লাখ ২৬ হাজারের বেশি বন্দিকে ক্ষমা বা সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে। তবে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর দেশটিতে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে কারাগারে আটক রাখা হয়েছে।

এর আগে বুধবার দেশটির সেনাসমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আসিয়ানের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক পুনর্বিবেচনার কথা জানান। তবে সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকেই গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত মিয়ানমার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটিতে সংঘাতে এ পর্যন্ত এক লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ৩৫ লাখের বেশি মানুষ।

বিষয়:অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস আসিয়ান আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলন মিয়ানমারের জান্তা সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…