মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে করে লন্ডনের বিমানবন্দরে অবতরণ করেন।
এরপর হেলিকপ্টারে চড়ে তারা মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসে যান। দেশটিতে এটি ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।
বুধবার উইনসর ক্যাসেলে ট্রাম্পকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। এ সময় ১ হাজার ৩০০ সেনাসদস্য ও ১২০টি ঘোড়া নিয়ে গড়া বিশেষ গার্ড অব অনার দেওয়া হয়।
দিনভর মার্কিন রাষ্ট্রপতি এবং মেলানিয়া ট্রাম্প একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যার মধ্যে ছিল সেন্ট জর্জ চ্যাপেলে প্রয়াত রানী এলিজাবেথের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।
প্রথমদিন একটি জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন রয়েছে, যেখানে ব্রিটেনের রাজা এবং প্রেসিডেন্ট ট্রাম্প দুজনই বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ট্রাম্পের সফরকে ঘিরে রাজকীয় আয়োজন থাকলেও রাস্তায় চলছে বিক্ষোভ। উইনসর ও লন্ডনে শত শত মানুষ ট্রাম্পবিরোধী স্লোগান দেন। লন্ডন থেকে প্রায় ২০ মাইল দূরে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছে বিক্ষোভকারীরা।







